কেএম দুলাল হোসেন (রাঙ্গামাটি) বাঘাইছড়ি প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণের ধারাবাহিকতায় বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুইটিলা আর্মি ক্যাম্পে এক ‘কারবারি সম্মেলন’ ও স্কুলশিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ সম্মেলনে এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, স্থানীয়দের নানা সমস্যা এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে উন্মুক্ত মতবিনিময় করা হয়। সম্মেলনে স্থানীয় ক্যাম্প কমান্ডার, সেনাবাহিনীর অন্যান্য সদস্য, কারবারি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ৪০ জন অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান উপস্থিত কারবারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন। মতবিনিময়কালে কারবারিরা জানান, সেনাবাহিনীর নিয়মিত টহলের ফলে এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং চাঁদা আদায়ের প্রবণতা অনেকাংশে হ্রাস পেয়েছে। ফলে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা বর্তমানে স্বস্তির সঙ্গে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারছেন। এ সময় তারা পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সম্মেলন শেষে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সহায়তার অংশ হিসেবে ‘রাইন্যাবনছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে আসবাবপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চেয়ার, টেবিল ও বেঞ্চের সংকটে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে সহকারী শিক্ষক জয়েন চাকমা, স্থানীয় কারবারি ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাবে।