সাজেক বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের মাচালং এলাকার নোয়াপাড়া গ্রামে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস (মূল)-এর সশস্ত্র ক্যাডারদের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮:০০ ঘটিকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির সময় পাশ্ববর্তী মন্দিরছড়া গ্রামের কস্মিকা ত্রিপুরা (০৭) নামে ৩য় শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। আহত কস্মিকা মন্দিরছড়া গ্রামের অধিবাসী উলেন্দ্র ত্রিপুরা ও মনিকা ত্রিপুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এলাকাগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাচালংয়ের নোয়াপাড়া সীমান্তে ইউপিডিএফ ও জেএসএস-এর সশস্ত্র দলের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড ফাঁকা ও লক্ষ্যভিত্তিক গুলি বিনিময় ঘটে। এসময় নিজেদের বসতবাড়ির কাছে থাকা শিশু কস্মিকা ত্রিপুরা হঠাৎ লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত হয়।
গোলাগুলি থেমে যাওয়ার পর স্থানীয়রা ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টহল জোরদার করেছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হঠাৎ এ সহিংসতার ঘটনায় মাচালং ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।