মাল্টিমিডিয়া রিপোর্টার :
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান সাহীন ওরফে ভিপি সাহীনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কক্সবাজারের চকরিয়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আবু জাফর সিদ্দিক রিপন এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের মো. সাব্বির ও মো. ফেরদৌস।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদুর রহমান সাহীন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি এর আগে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিপি সাহীন কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। তিনি আরও জানান, মঙ্গলবার তাঁকে আদালতে উপস্থাপন করা হবে। এর আগে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।