মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, অপহরণ এবং ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, একশত সত্তর (১৭০) গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এজাহারভুক্ত আসামি মোসাঃ কুলসুম আক্তার (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আমভদ্রপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজুরি এলাকায় অবস্থান করছিলেন।
এদিকে পেনাল কোডের অপহরণ মামলার আসামি স্বর্ণা (২৮) ও মোসাঃ লিপি আক্তার (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। স্বর্ণার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার কালিকৈটাল গ্রামে এবং বর্তমানে তিনি গাজীপুরের গাছা থানার জয়বাংলা রোড এলাকায় বসবাস করছিলেন। অপরদিকে লিপি আক্তারের স্থায়ী বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কুশালপুর গ্রামে। তিনি গাজীপুরের গাছা থানার জয়বাংলা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অন্যদিকে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে মোঃ উজ্জল হোসেন (২৮)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের পূবাইল থানার হারবাইত নন্দীবাড়ী এলাকার বাসিন্দা। এ ঘটনায় উজ্জল হোসেনসহ মোট ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।