মোঃ রাকিব হাওলাদার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মো. জাহাঙ্গীর হাওলাদার (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে নদীতে মাছ ধরেন। গত ১৮ জুলাই তিনি তার মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। এ সুযোগে ১৯ জুলাই রাত আনুমানিক ১টার দিকে জাহাঙ্গীর বসতঘরের পেছনের জানালা দিয়ে ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।
এজাহারে বলা হয়, ঘরে ঢোকার পর ভুক্তভোগী তাকে দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর ১০ মাস বয়সী শিশুর গায়ে অভিযুক্তের পা লাগলে শিশুটি কান্না শুরু করে। পরে চার বছর বয়সী অপর সন্তানও জেগে ওঠে। অভিযোগ অনুযায়ী, এ সময় অভিযুক্ত শিশুটির মুখ চেপে ধরেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি ঘরের পেছন দিক দিয়ে পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার স্বামী ও স্বজনদের জানান। এ ঘটনায় অভিযুক্ত ও তার স্বজনদের পক্ষ থেকে মামলা না করতে হুমকি ও চাপ প্রয়োগের অভিযোগও করা হয়েছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা প্রতিনিধি