চট্টগ্রামের মিরসরাইয়ের শিল্প জোন এলাকায় ফার্ম্যাক স্টিল মিলে গত চার দিনে তিনটি ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
সর্বশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে কারখানাটিতে ফের ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া আরও কয়েকজন শ্রমিক কমবেশি আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সেফটি ব্যবস্থা নেই। কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে বলেও দাবি তাদের।
তাদের আরও অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা এবং প্রচলিত শ্রম আইন অনুযায়ী অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে।
পরপর ফার্নেস বিস্ফোরণের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কারখানাটিতে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
এ বিষয়ে ফার্ম্যাক স্টিল মিল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।