সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

যাত্রাবাড়ীতে নিষিদ্ধ যুবলীগ নেতা ‘পেটকাটা শামীম’ গ্রেপ্তার ৫ আগস্টের সহিংসতা ও একাধিক মামলার আসামি; এলাকায় স্বস্তি

মোঃ কামরুল হাসান পলাশ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ pm
৩
যাত্রাবাড়ীতে নিষিদ্ধ যুবলীগ নেতা ‘পেটকাটা শামীম’ গ্রেপ্তার ৫ আগস্টের সহিংসতা ও একাধিক মামলার আসামি; এলাকায় স্বস্তি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ও রায়েরবাগ এলাকায় আলোচিত নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা মোহাম্মদ শামীম ওরফে ‘পেটকাটা শামীমকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৫ আগস্টের সহিংসতাসহ একাধিক মামলার আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ডিবি সূত্র জানায়, ৫ আগস্টের আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে গুলি চালানোর অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। ওই ঘটনায় হতাহতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। নিহতদের পরিবারের সদস্য ওবায়দুরের করা ২০২৪ সালের ১ সেপ্টেম্বরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাতুয়াইল মেডিকেল ও রায়েরবাগ এলাকায় শামীমের প্রভাব ছিল। তার নেতৃত্বে ‘শামীম বাহিনী’ নামে একটি সশস্ত্র দল পরিচালিত হতো বলেও অভিযোগ রয়েছে। ওই বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় শামীমের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করত। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও তিনি দীর্ঘদিন গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজনের দাবি, সরকার পরিবর্তনের পর শামীমকে কয়েকজন স্থানীয় বিএনপি'র নেতা আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন।

শামীমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর মাতুয়াইল মেডিকেল, মাতুয়াইল ও রায়েরবাগ এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় গ্রেপ্তারের ঘটনায় তারা স্বস্তি পেয়েছেন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!