সুবাস চন্দ্র, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, প্রত্নবস্তুর উন্মুক্ত প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়।
সকালে পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাদুঘর ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা প্রত্নবস্তুর উন্মুক্ত প্রদর্শনী ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পাহাড়পুর জাদুঘর মিলনায়তনে কাস্টডিয়ান ফজলুল করিম আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি এবং রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম ছাইফুর রহমান।
সেমিনারে দেশের পর্যটন খাতের সম্ভাবনা, প্রত্নসম্পদ সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থাপনাগুলো দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এদিকে, পাহাড়পুর জাদুঘর ক্যাম্পাসে বিভিন্ন বাহিনী কর্তৃক উদ্ধার করা গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শন করা হয়। এতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর সদস্য, পাহাড়পুর বৌদ্ধ বিহারে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, দেশের প্রত্নসম্পদ ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পাহাড়পুরসহ নওগাঁর পর্যটন সম্ভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।