শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অপর একটি বাসের সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঝালকাঠি থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল ‘পালকী পরিবহনের’ একটি বাস। পথিমধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার (বৈকল্য) হয়ে যায়। পরে চালক গাড়িটি নিরাপদে সড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। ঠিক সে সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা ‘হানিফ পরিবহনের’ আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটিকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বাসটির একাংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার শিকার পালকী পরিবহনের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের গাড়ির চাকা পাঞ্চার হওয়ার কারণে সেটি সাইডে থামিয়ে রাখা হয়েছিল। কিন্তু পেছন থেকে হানিফ পরিবহন অত্যন্ত দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয়। চালকরা যেভাবে প্রতিযোগিতা করে গাড়ি চালান, তাতে মানুষের জীবনের কোনো নিরাপত্তাই থাকে না।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও পাঁচ্চর রয়েল ক্লিনিকে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
দুর্ঘটনার পরপরই এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, "দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।"
শিবচর হাইওয়ে থানার ডিউটি অফিসার এম এম মুনতাসির মাহমুদ জানান, "দুপুর ৩টার পর ঢাকামুখী হানিফ ও পালকী পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০-২৫ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।