কে এম দুলাল হোসেন, (রাঙামাটি) বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে সফরে এসে স্থানীয় বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ স্কটসহ সাজেকে পৌঁছালে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় সাজেকের পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাপন এবং পর্যটন সম্ভাবনা নিয়ে নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ মামুন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ফারুক আহম্মেদ সাব্বিরসহ অন্যান্য সফরসঙ্গী।
সাজেকে পৌঁছানোর পর স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে সাজেকের বিভিন্ন সমস্যা, যোগাযোগব্যবস্থা, পর্যটনকেন্দ্রিক সুযোগ-সুবিধা এবং এলাকার উন্নয়ন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির সাজেক সফর তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। তারা আশা করেন, সাজেকের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, সাজেকের নয়নাভিরাম পাহাড়, মেঘ ও সবুজ প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় মানুষের আন্তরিক আতিথেয়তা প্রতিমন্ত্রীর সফরকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।
স্থানীয়দের ভালোবাসা ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সাজেকের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এমন সফর সাজেকের পর্যটন উন্নয়ন, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।