প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন
বরিশালের মেহেন্দিগঞ্জে পৌঁছেছে একটি অস্থায়ী ভাসমান হাসপাতাল। বুধবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতালটি উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে এসে নোঙর করেছে। সেখান থেকেই আগামী দুই মাস চলবে এর চিকিৎসাসেবা কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুর হক।
তিনি জানান, আগামী শনিবার থেকে ভাসমান হাসপাতালটির স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হতে পারে। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ জন রোগী এখান থেকে চিকিৎসাসেবা নিতে পারবেন। রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হবে।
এছাড়া নির্দিষ্ট দিনে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে রোগীদের চিকিৎসাসেবা দেবেন। চোখ, দাঁত ও হাড়ের ছোটখাটো অস্ত্রোপচারেরও সুযোগ থাকবে এ ভাসমান হাসপাতালে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, ভাসমান হাসপাতালটি উপজেলা সদরের সঙ্গে যুক্ত নদীর তীরে স্থাপনের চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের অনেকের আপত্তির কারণে শেষ পর্যন্ত হাসপাতালটি বিদ্যানন্দপুর ইউনিয়নে নেওয়া হয়েছে।
তবে বিদ্যানন্দপুরে হাসপাতালটি স্থাপন করায় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের বাড়তি ভোগান্তিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে উপজেলা সদরের সঙ্গে যুক্ত কয়েকটি ইউনিয়ন এবং দক্ষিণপাড়ের চার ইউনিয়নের মানুষের জন্য যাতায়াত কঠিন হতে পারে। কারণ এসব এলাকার মানুষের চিকিৎসাসেবা নিতে নৌপথকেই প্রধান ভরসা হিসেবে ব্যবহার করতে হবে।
দুই মাসের জন্য চালু হতে যাওয়া এই ভাসমান হাসপাতালটি দুর্গম এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবার সুযোগ তৈরি করলেও এর অবস্থান ও যাতায়াত ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।