শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে বোরকা পরে শিশু ছিনতাই: নিঃসন্তান দম্পতির কোলে মিলল ১১ মাসের নাফিজ, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ pm
৯
শিবগঞ্জে বোরকা পরে শিশু ছিনতাই: নিঃসন্তান দম্পতির কোলে মিলল ১১ মাসের নাফিজ, গ্রেপ্তার ২
ছবি সংগ্রহ ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিঃসন্তান এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম। উদ্ধার হওয়া শিশু নাফিজ একই গ্রামের রুবেল হোসেনের ছেলে।

যেভাবে ছিনতাই হয় শিশুটি

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ১১ মাসের শিশু নাফিজকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। বাজার সংলগ্ন এলাকা থেকে হঠাৎ বোরকা পরা অবস্থায় এসে সুজিআরা বেগম শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সটকে পড়েন। এ ঘটনার পর নাফিজের বাবা শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

সিসিটিভি ও প্রযুক্তির সহায়তায় উদ্ধার

মামলা দায়েরের পরই তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে শহরের শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

সন্তানের লালন-পালনের লোভেই এমন কাণ্ড

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মানিকুজ্জামান ও সুজিআরা দম্পতি নিঃসন্তান ছিলেন। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। দীর্ঘদিন সন্তান না থাকায় কেবল সন্তান লালন-পালনের তীব্র আকাঙ্ক্ষা থেকেই তারা শিশু নাফিজকে ছিনিয়ে নিয়েছিলেন। শিশুটিকে বিক্রি করা বা কোনো শারীরিক ক্ষতি করার উদ্দেশ্য তাদের ছিল না বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, ভিকটিম শিশু হওয়ায় ঘটনাটি আইন অনুযায়ী ‘মনুষ্য অপহরণ’ হিসেবে বিবেচিত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!