মোঃ মোশফিকুর রহমান স্বপন
সুনামগঞ্জ:
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি তারেক আহমেদ বলেন, “আপনারা জানেন, এই আওয়ামী লীগ-জামায়াত সারা বাংলাদেশে যে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসে লিপ্ত হয়েছে, আজকে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “আমাদের বিএনপি সরকার ভেসে আসা কোনো সরকার নয়। আমাদের সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। আমাদের সরকার কোনো ভোট চুরির সরকার নয়, এটা রাতের অন্ধকারের সরকার নয়। এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকার।”
তারেক আহমেদ আরও বলেন, “আপনারা যখনই চাইবেন, তখনই সরকারকে উৎখাত করে দেবেন—এটা ভাবার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ও জামায়াত মিলে যে ধরনের ষড়যন্ত্রই করুক না কেন, সারা দেশের ছাত্রদলের নেতৃবৃন্দ সজাগ রয়েছে।”
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কথিত আঁতাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই আওয়ামী লীগের সঙ্গে জামায়াত যদি গোপনে আঁতাত করে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে এই জামায়াতকে কীভাবে শুধরাতে হয়, তা ছাত্রদল ভালো করেই জানে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখনও সময় আছে, আপনারা গণতন্ত্রের পথে ফিরে আসুন, আমাদের সরকারকে সহযোগিতা করুন। আমাদের সরকার উন্নয়নের সরকার, আমাদের সরকার জনগণের সরকার। জনগণকে কীভাবে সুখে ও শান্তিতে রাখা যায় এবং জনগণের কী কী সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান কীভাবে করা যায়—সেই চিন্তা থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “কিন্তু এই ভালো কাজগুলো জামায়াত এবং আওয়ামী লীগের সহ্য হয় না। আমরা বলতে চাই, এখনও সময় আছে, আপনারা ভালো কাজে সহযোগিতা করুন এবং খারাপ কাজ থেকে বিরত থাকুন। আর যদি তা না পারেন, তাহলে আপনাদের কীভাবে বিরত রাখতে হয়, তা সুনামগঞ্জ জেলা ছাত্রদল এবং সারা দেশের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ জানে।”
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি বলেন, “আমরা আজকে এখান থেকে শপথ করব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহারগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা জেলা ছাত্রদল এবং সারা দেশের জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সোচ্চার থাকব।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হুশিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কিস্ত চৌধুরী ও প্রথম সহসভাপতি কাজি মিছবাহ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।