সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ছিনতাই করে পালিয়েও শেষ রক্ষা হলো না, ৪৮ ঘণ্টায় দুই হোতা গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মাহীদ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ pm
১৭
ছিনতাই করে পালিয়েও শেষ রক্ষা হলো না, ৪৮ ঘণ্টায় দুই হোতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় কথিত ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় নবীর খানের শেডের সামনে নির্জন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ছিনতাইকারীরা প্রথমে এক হাঁস ব্যবসায়ীকে পথরোধ করে। পরে এক ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীকেও ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এ সময় তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা ও ৬-৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

ছিনতাইকারীদের হামলায় হাবিবুর বাশার, সুজন, এরশাদ, সোহেল ও ফয়সালসহ কয়েকজন আহত হন। পুলিশ আরও জানায়, ছিনতাইকারীরা কয়েকজন ভুক্তভোগীর পরনের কাপড় কেটে সেই কাপড় দিয়ে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরাও অভিযানে যুক্ত হন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, রাণীনগর ও আত্রাই থানার সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়।

পুলিশের দাবি, ১৭ ও ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য-প্রমাণ, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে টানা ৪৮ ঘণ্টা নওগাঁ, নাটোর, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ২০ সেপ্টেম্বর ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার চা বাগান কলোনির মো. আফসার আলীর ছেলে মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল ওরফে বেলাল (৩৮) এবং নওগাঁর রাণীনগর উপজেলার রাজাপুর (ভূত রাজাপুর) এলাকার মো. শহিদুল মণ্ডলের ছেলে মো. নাহিদ হোসেন (২২)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মনিরুল ও নাহিদ ১৭ সেপ্টেম্বর রাতে ও ভোররাতে চারজন মিলে রাণীনগর-আবাদপুকুর সড়কে দুই দফায় ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। এছাড়া নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে তারা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাহিদ হোসেন তার অপরাধের বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ভুক্তভোগীর একটি মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার মনিরুল ইসলাম ওরফে বাইরুলের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি প্রায় ১৭ মাস কারাগারে ছিলেন। কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে যেকোনো ধরনের ছিনতাই ও দস্যুতা প্রতিরোধে জেলা পুলিশ আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে অপরাধীদের কঠোরভাবে দমন করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!