নওগাঁর রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে রাণীনগর উপজেলা যুবদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকার গৃহীত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের উদ্যোগে রাণীনগর উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে রাণীনগর সদর বাজারের বিভিন্ন সড়কের দুই পাশের ড্রেন, বসতবাড়ির আশপাশ, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরসহ বিভিন্ন স্থানে জমে থাকা নোংরা আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
পরে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতামূলক আলোচনা করেন শেখ মো. রেজাউল ইসলাম রেজু ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে না দেওয়া, ড্রেন ও নালা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ অব্যাহত থাকবে।