প্রেস বিজ্ঞপ্তি :খুলনার কয়রায় অর্থাভাবে চিকিৎসাহীনতায় প্রহর গুনতে থাকা বামিয়া শ্রীফলতলার হারুন সানার স্ত্রী দুলিপা পারভীন ও শিশু সন্তান হোসাইনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন ।
ভিডিওটি ডা. জুবাইদা রহমানের নজরে আসার পরপরই তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী, জেডআরএফ সদস্য ডা. এমআর হাসানের সার্বিক তত্ত্বাবধানে মা দুলিপা পারভীন ও ৭ মাসের শিশুসন্তান হোসাইনকে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম রাজীবের তত্ত্বাবধানে ২০ সেপ্টেম্বর দুপুর থেকে তাদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে ।
চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন অভাব-অনটনের কারণে মা ও শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছিলেন। বর্তমানে হাসপাতাল থেকে তাদের প্রয়োজনীয় ওষুধ, মাল্টিভিটামিন স্যালাইন এবং শিশুটির জন্য বিশেষ পুষ্টিকর দুধের ব্যবস্থা করা হয়েছে।
মা ও শিশু দুজনেই বর্তমানে শঙ্কামুক্ত ও স্বাভাবিক রয়েছেন ।অসহায় এই পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান দাঁড়ানোয় পরিবারটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
জেডআরএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও শিশুর দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।