মোঃ আশরাফ উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়ার কসবার আলোচিত উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৪৮)কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম রোড এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভোর ৫টা ৩০ মিনিটে তাকে কসবা থানায় নিয়ে আসা হয়।
মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ৬ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে গ্রিন হেলথ হাসপাতালের সামনে পূর্ব বিরোধের জেরে উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫)-এর ওপর ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। হামলায় তিনি মাথা ও ঘাড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আহত আরিফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা শারমীন মলি বাদী হয়ে মোহাম্মদ আলী, তার স্ত্রী হেনা বেগমসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কসবা থানার এফআইআর নং-১৬ (তারিখ: ৮ জুলাই ২০২৬) হিসেবে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
কসবা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামি বর্তমানে কসবা থানা হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উপজেলা প্রতিনিধি