ঢাকা: বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ৭ম স্থান অর্জন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (WUB) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্প ‘Natural Fiber-Based PCB’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় প্রকল্পটি সেরা ১০টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়ে চূড়ান্তভাবে সপ্তম স্থান অর্জন করে।
মেলার নিবন্ধন পর্বে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ৯৩০টি প্রকল্প জমা পড়ে। কয়েক ধাপের মূল্যায়ন শেষে এর মধ্যে ৫০টি প্রকল্প মেলায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। পরবর্তী মূল্যায়নে WUB-এর প্রকল্পটি সেরা ১০টির মধ্যে স্থান পায় এবং চূড়ান্ত ফলাফলে ৭ম হয়।
‘Natural Fiber-Based PCB’ প্রকল্পে প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) তৈরিতে প্রাকৃতিক তন্তুভিত্তিক উপাদান ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা করা হয়েছে। গবেষকদের মতে, এ ধরনের প্রযুক্তি পরিবেশবান্ধব ইলেকট্রনিকস তৈরির পাশাপাশি প্রাকৃতিক তন্তু খাতে মূল্য সংযোজনের সুযোগ তৈরি করতে পারে।
প্রকল্পটির নেতৃত্ব দেন WUB-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান। দলের সদস্য হিসেবে ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বেলাল হক এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজিব হাসান।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নোবোথিয়েটারে অনুষ্ঠিত হয়। মেলায় প্রকল্পটির অর্জনের স্বীকৃতি তুলে দেওয়া হয় আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন।
প্রকল্পটি প্রাকৃতিক তন্তুকে প্রযুক্তিনির্ভর কাজে ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব ইলেকট্রনিকস উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেছে। একই সঙ্গে বাংলাদেশের প্রাকৃতিক তন্তু খাতের নতুন ব্যবহার ও উদ্ভাবনের ক্ষেত্রেও এটি সম্ভাবনার দ্বার খুলতে পারে।