প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বড় ভাই হারুন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২২ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ২১ জুন, রোববার দুপুরে উপজেলার ১ নম্বর আন্ধারমানিক ইউনিয়নে খাস জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি বণ্টনের পর কিছু খাস জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে নজরুল সরদার ওই জমিতে বেড়া দিলে এতে ক্ষুব্ধ হয়ে হারুন সরদার মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় তার ওপর ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা চালান বলে অভিযোগ রয়েছে।গুরুতর আহত নজরুল সরদারকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুন সরদার আত্মগোপনে চলে যান। পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দীর্ঘ অভিযানের পর বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রতিনিধি