রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, চীনও সহযোগিতা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ pm
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, চীনও সহযোগিতা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রযাত্রায় বন্ধুপ্রতীম দেশ চীন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রাঙ্গণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা দেশের ৩০৬ জন উদীয়মান খেলোয়াড়কে নিয়ে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় তরুণ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উপযোগী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। দেশের প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ, পরিচর্যা ও সুযোগ দেওয়া গেলে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের বন্ধুপ্রতীম দেশ চীনও সহযোগিতা করছে। ক্রীড়াক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারে।’’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নতুন কুঁড়ি’ থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের হারিয়ে যেতে দেওয়া হবে না। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হবে।

তিনি জানান, প্রশিক্ষণ ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে বিশেষ প্রতিভাবানদের চিহ্নিত করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রতিভাবানদের বিকেএসপিতে পড়াশোনা ও প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়েও সরকারের উদ্যোগ রয়েছে।

আমিনুল হক তার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তিনি নিজেও একসময় খেলোয়াড় ছিলেন। পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হন। গত ১৭ বছর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সময় নানা প্রতিকূলতা, জেল-জুলুমের মুখোমুখি হলেও তিনি হাল ছাড়েননি বলে উল্লেখ করেন। মানুষের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে বর্তমানে সরকারে দায়িত্ব পাওয়ার কথাও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।

তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের বিকাশ ঘটবে। তাই প্রতিভা অন্বেষণের পাশাপাশি খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম আসরে দেশজুড়ে বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও বাছাই শেষে জাতীয় পর্যায়ের সেরা প্রতিভাবানদের মধ্য থেকে ৩০৬ জন খেলোয়াড়কে এই প্রশিক্ষণ ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয়েছে।

বিকেএসপিতে শুরু হওয়া দুই মাসের এই প্রশিক্ষণে খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতা উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, শারীরিক সক্ষমতা এবং প্রয়োজনীয় ক্রীড়া জ্ঞান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের সঠিক সময়ে শনাক্ত করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনতে পারলে দেশের ক্রীড়াঙ্গনে একটি শক্তিশালী খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা তৈরি করা সম্ভব হবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের রাষ্ট্রীয়ভাবে বিকাশের সুযোগ তৈরি করা। কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভাবানদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বিকেএসপিতে ভর্তির সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ চীন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের ক্রীড়া প্রতিভা বিকাশে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই, আধুনিক প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিচর্যার মাধ্যমে জাতীয় দলের জন্য শক্তিশালী খেলোয়াড় তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ থেকে উঠে আসা এই ৩০৬ তরুণ খেলোয়াড়ের প্রশিক্ষণ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!