রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

মোঃ লিটন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ pm
৩১
কুমারখালীতে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
ছবি: আহত সাংবাদিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায়

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনা ঘটেছে ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় সড়কের নিম্নমানের সামগ্রী ব্যবহারের সংবাদ সংগ্রহকালে তিনি এই হামলার শিকার হন। বর্তমানে তিনি আহত অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি চলছিলো। আর তারই সত্যতা নিশ্চিতে ঘটনাস্থলে যান সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস । এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার ও তার দেহরক্ষী পরিচয়দানকারী রহুলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে । পরে সহকর্মী সংবাদকর্মী ও পুলিশ সদস্যরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার জানান, পৌর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন । তাঁর চলে আসার পরই সাংবাদিক উল্লাসের ওপর এই হামলার ঘটনা ঘটে ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলা ঠেকানোর চেষ্টা করলেও পুলিশের সংখ্যা কম থাকায় তা পুরোপুরি সম্ভব হয়নি ।

হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত এজাহার দিয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!