গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়রা বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত্তির ওপর একতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।
অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির সদস্যসচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুল হক চৌধুরী ডিউক, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজুসহ দলীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।