ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ ডিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ আলিফ (২০) ও রুবেল মিয়া (৩২)।
গ্রেপ্তার মোঃ আলিফ সাভার থানার কাঞ্চনপুর এলাকার হাবিব স্যারের বালুর মাঠ এলাকার বাসিন্দা মোঃ আতিক এর ছেলে।
অন্যদিকে রুবেল মিয়া নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল মিয়াপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি সাভারের কাঞ্চনপুর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোঃ আলিফের বিরুদ্ধে এর আগে একটি দস্যুতা মামলা রয়েছে। অপর গ্রেপ্তার রুবেল মিয়ার বিরুদ্ধেও একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।