মোঃ রতন মোল্লা
শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীরা। একই সঙ্গে প্রতিদিন বাজারে আসা বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে সড়কে জমে থাকায় রাস্তাটি অটোভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা সমস্যা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটিতে বৃষ্টির পানি জমে থাকলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। পানি জমে থাকার কারণে সড়কের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
এদিকে সড়কটির বেহাল অবস্থার কারণে আশপাশের সড়ক ও বাজার এলাকায়ও যানজটের সৃষ্টি হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।