মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মনিরামপুর উপজেলার হেটুরি বাহাদুরপুর গ্রামের মধুপুর হোগলাডাঙ্গা সড়কের মেসার্স রাব্বি ট্রেডার্সে অভিযান চালিয়ে মাদক বিক্রির তিন লাখ পঞ্চাশ হাজার টাকা,তিন কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন সহ মোঃ রুবেল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত রুবেল হোসেন হেটুরি বাহাদুরপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা হেটুরি বাহাদুরপুর গ্রামের মধুপুর হোগলাডাঙ্গা সড়কের মেসার্স রাব্বি ট্রেডার্স এর গোডাউন থেকে তাকে আটক করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি দল এই গোডাউনে অভিযান চালান। সেখানে রুবেল গাজীকে আটক করার পর গোডাউন তল্লাশি করা হয়। প্লাস্টিকের বস্তার ভিতরে তিনটি পলিথিন প্যাকেটে রাখা এক কেজি করে মোট তিন কেজি গাজা উদ্ধার করা হয়।
এজাহার অনুযায়ী উদ্ধার করা গাঁজা থেকে রাসায়নিক পরীক্ষার জন্যে ১৫ গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছে।বাকি আলামত বিধি অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত রুবেল গাজী গাঁজা বিক্রির উদ্দেশ্যে এই মাদকদ্রব্য সংরক্ষণ করেছিলেন, এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ- পরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সারণীর ১৯(ক) ও ২৬(১) ধারায় মামলা দায়ের করেছেন।