ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি।
চাষীদের সপ্নের ফসল ভুট্টা বিক্রির টাকা না পেয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষকরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষকরা অভিযোগ করেন,তারা এলাকার চিহ্নিত ভুট্টা ব্যবসায়ী মোঃ সামছুজ্জামান মানিকের কাছে ভুট্টা বিক্রি করেন। ভুট্টা নেওয়ার সাত দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তাদের পাওনা টাকা পরিশোধ করা হচ্ছে না।কৃষকদের দাবি, ব্যবসায়ী মানিক তাদের কাছ থেকে বাকিতে ভুট্টা নিয়ে প্রায় সাড়ে চার মাস তাঁর গোডাউনে রাখেন। এ সময় বিভিন্ন তারিখে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। পরে কৃষকদের অভিযোগ অনুযায়ী, তাদের অজান্তে একসঙ্গে আটটি ট্রাকে করে গোডাউনে থাকা ভুট্টা বিক্রি করে দেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে কৃষকরা ব্যবসায়ী মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাওনা টাকা পরিশোধের জন্য আরও এক মাস সময় নেন। পরবর্তীতে ওই সময় শেষ হলে আবারও ১৫ দিনের সময় নেওয়া হয়। কৃষকদের ভাষ্য, সেই সময়সীমাও পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেননি ব্যবসায়ী মানিক।
সংবাদ সম্মেলনে কৃষকরা বলেন,ভুক্ত ভোগী প্রায় ৪০ জন কৃষক আনুমানিক ৩৫ লাখ টাকা পাবে। ফসল বিক্রির অর্থ দিয়েই তাদের পরিবার পরিচালনা এবং পরবর্তী মৌসুমের ফসল চাষের খরচ বহন করতে হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন।
এঅবস্থায় পাওনা টাকা আদায়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
তবে কৃষকদের এসব অভিযোগের বিষয়ে ভুট্টা ব্যবসায়ী মোঃ সামছুজ্জামান মানিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।