চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬ লক্ষ ৯৪ হাজার টাকা।
অভিযান ১: শিবগঞ্জে ভারতীয় ট্রাক ও যন্ত্রাংশ উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের শাহাবাজপুর কলেজের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে চালানো এ অভিযানে পাথরের ভেতরে লুকানো অবস্থায় ভারতীয় ৭০৮ পিস ট্রাকের যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়ীসহ একটি নম্বরবিহীন ভারতীয় ট্রাক জব্দ করা হয়। এ চালানের সিজার মূল্য ধরা হয়েছে ২ কোটি ৫৭ লক্ষ ৭৯ হাজার টাকা।
অভিযান ২: ভোলাহাটে ১৩৫টি ভারতীয় মোবাইল উদ্ধার
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৮:৪০ ঘটিকায় খড়কপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেলেও টহলদল একটি ইজিবাইক তল্লাশি করে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ইজিবাইকটি জব্দ করে। জব্দকৃত মোবাইল ও ইজিবাইকের মূল্য ৪৯ লক্ষ ১৫ হাজার টাকা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে এবং এই তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।