টাঙ্গাইলের মধুপুরে সরকারিভাবে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত প্রায় এক টন (১ হাজার কেজি) পাঠ্যবই পাচারের অভিযোগে ইব্রাহিম হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নরকোনা গ্রামের তার বাড়ি থেকে নবম ও দশম শ্রেণির এসব পাঠ্যবই উদ্ধার করে উপজেলা প্রশাসন ও পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি এসব পাঠ্যবই নির্ধারিত ছিল। তবে বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পরিবর্তে কীভাবে নরকোনা গ্রামের একটি ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে গেল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে অবৈধভাবে এসব বই কিনে পাচার করা হচ্ছিল। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ পাঠ্যবই উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়।
উদ্ধার হওয়া বইয়ের মধ্যে নবম ও দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের পাঠ্যবই রয়েছে বলে জানা গেছে। বইগুলোর মোট ওজন প্রায় এক টন।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিনামূল্যের পাঠ্যবই অনিয়মের মাধ্যমে পাচারের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সরকারি অর্থে ছাপানো এবং শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যবই কীভাবে গুদাম থেকে বাইরে গেল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।