মো:কোরবান আলী, মাল্টিমিডিয়া রিপোর্টার,উল্লাপাড়া উপজেলা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন উল্লাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম রতন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম রতনের বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি সাইফুল ইসলাম রতনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি-সংক্রান্ত বিরোধ, হুমকি ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম রতনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এক ভুক্তভোগীর অভিযোগ, জমি কেনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম রতনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। তার দাবি, রতন তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে একটি মামলায় তাকে হয়রানি করা হয়েছে।
অন্য এক ভুক্তভোগী অভিযোগ করেন, দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। পরে তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া এক ব্যবসায়ী অভিযোগ করেন, দোকানের সামনে কেনা ভূষি নামানোর জন্য তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে তার বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী।
স্থানীয়দের একাংশ এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রূপকর বলেন, “সাইফুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলা ও উত্থাপিত অভিযোগগুলো আইনগত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।