নিজস্ব প্রতিনিধি: ফজলুল কবির
পাবনা সদর উপজেলার দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রাজাপুর (তিনগাছা) এলাকার মো. আমিরুদ্দিন মন্ডলের ছেলে মো. রফিক মন্ডল ওরফে টোকাই (৪০) এবং দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকার ডা. মো. আব্দুস সালামের ছেলে মো. তানিমুল হাসান ওরফে সোহাগ ওরফে মাটি (৩৫)।
পুলিশ জানায়, গত ২১ জুলাই ২০২৬ সন্ধ্যায় পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করে তাদের দেহ ও বসতঘরে তল্লাশি চালানো হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি তলোয়ার, দুটি ছুরি ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত দেশীয় ধারালো অস্ত্রের ঘটনায় The Arms Act, 1878-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, অস্ত্র ও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা অভিযান পরিচালনা করা হবে।
নিজস্ব প্রতিনিধি