বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ইয়াবা-গাঁজাসহ ডিবির অভিযানে ৪ গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ pm
২০৮
ইয়াবা-গাঁজাসহ ডিবির অভিযানে ৪ গ্রেপ্তার

ঢাকার সাভার ও ধামরাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভার ও ধামরাই উপজেলার পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।

অভিযানকালে রোকেয়া (৫০) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

গ্রেপ্তার রোকেয়া বক্তারপুর বেদেপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মৃত হুকুম আলী, বাবার নাম মৃত কেরামত আলী এবং মায়ের নাম চন্দ্রবানু বলে পুলিশ জানিয়েছে।

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় ডিবির আরেকটি দল।

এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে মনোরঞ্জন রাজবংশী (৫০) নামে এক ব্যক্তিকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। মনোরঞ্জন রাজবংশী পশ্চিম কায়েতপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার মনোরঞ্জন রাজবংশীর বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজারের সালেহপুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল।

এসআই (নিঃ) মো. রাশেদ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মীর তৌসিফ আহমেদ (২৬) ও শেখ তানভীর (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা।

গ্রেপ্তার মীর তৌসিফ আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ঘুনিপাড়া এলাকায়। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ এলাকার দিয়াবাড়ীর একটি ঠিকানায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।

অপর গ্রেপ্তার শেখ তানভীর সাভারের বড়দেশী (পূর্বপাড়া) এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!