বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের গাজীরহাট সংলগ্ন সড়কে প্রকাশ্য দিবালোকে কবির বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে গাজীরহাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত কবির বেপারী মুলাদী উপজেলার চর বাহাদুরপুর গ্রামের আসমত আলী বেপারীর ছেলে।
নিহতের ছেলে সজীব বেপারীর অভিযোগ, তার বাবা বাজার করার উদ্দেশ্যে গাজীরহাট বাজারে এসেছিলেন। পরে বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সজীব বেপারী বলেন, আমার বাবাকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। আমি তাদের নাম থানায় প্রকাশ করব।
খবর পেয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কালো বোরকা উদ্ধার করেছে বলে জানা গেছে। নিহতের পরিবারের দাবি, হামলাকারীরা কালো বোরকা পরে এসে কবির বেপারীকে কুপিয়ে হত্যা করেছে।পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।