রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে দুই বন্ধুর উদ্যোগে ‘ইনফিনিটি একাডেমিক কোচিং’, লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত একাডেমিক সহায়তা

আব্দুল্লাহ আল মাহীদ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ pm
রাণীনগরে দুই বন্ধুর উদ্যোগে ‘ইনফিনিটি একাডেমিক কোচিং’, লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত একাডেমিক সহায়তা

নওগাঁর রাণীনগরে স্থানীয় শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিতে বাড়তি সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে দুই বন্ধুর উদ্যোগে যাত্রা শুরু করে ‘ইনফিনিটি একাডেমিক কোচিং’। ২০২৫ সালের অক্টোবরে আমির হামজা ও আরিফ হোসেন শাওনের উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

উদ্যোক্তারা জানান, তারা দুজনই রাণীনগর থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন। নিজেদের এসএসসি পড়াশোনার অভিজ্ঞতা থেকেই স্থানীয় শিক্ষার্থীদের জন্য আরও বেশি শিক্ষাসামগ্রী, পরীক্ষা ও প্রস্তুতিমূলক সেবা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন তারা। এ ভাবনা থেকেই রাণীনগরে শিক্ষার্থীদের জন্য তুলনামূলক উন্নত একাডেমিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ইনফিনিটির যাত্রা শুরু হয়।

ইনফিনিটির প্রথম ব্যাচ ছিল ‘এসএসসি-২০২৬ ফাইনাল প্রিপারেশন ব্যাচ’। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষার শেষ কয়েক মাসে অনেক শিক্ষার্থীর সিলেবাস অসম্পূর্ণ থেকে যায়। আবার অনেক শিক্ষার্থী পড়াশোনা করলেও তা যথাযথভাবে গুছিয়ে নিতে পারে না। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাদের কোর্সে সিলেবাস সম্পন্ন করার পাশাপাশি নিয়মিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কোর্সের শেষ দিকে এসএসসি পরীক্ষার মানবণ্টন অনুসরণ করে মডেল টেস্ট নেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশের সঙ্গে অভ্যস্ত করা এবং পরীক্ষাভীতি কমানোর চেষ্টা করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

ইনফিনিটির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের এসএসসি-২০২৬ ফাইনাল প্রিপারেশন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে রাণীনগর থানার হিসেবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী শিক্ষার্থীও রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বর্তমানে ইনফিনিটিতে ‘এসএসসি-২০২৭ ফাইনাল প্রিপারেশন ব্যাচ’ এবং অষ্টম শ্রেণির ‘বৃত্তি ও একাডেমিক প্রিপারেশন ব্যাচ’ পরিচালিত হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এখানে শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বিভিন্ন মেডিকেল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট রয়েছেন। কয়েকজন শিক্ষকের পাঁচ থেকে দশ বছরেরও বেশি সময়ের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে বলেও তারা জানান।

উদ্যোক্তারা বলেন, রাণীনগর ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিতে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এসএসসি, এইচএসসি ও অষ্টম শ্রেণির পাশাপাশি অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের জন্যও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।

তবে ইনফিনিটি একাডেমিক কোচিং নিজেদের কার্যক্রমকে স্কুলশিক্ষার বিকল্প হিসেবে দেখছে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের মতে, শিক্ষার্থীদের একাডেমিক ও পারিপার্শ্বিক জ্ঞান অর্জনে বিদ্যালয়ের শিক্ষার কোনো বিকল্প নেই। তাই স্কুলের পড়াশোনার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বাড়তি সহায়তা দেওয়াই তাদের উদ্দেশ্য। এ কারণে স্কুল চলাকালীন সময়ে কোচিংয়ের কার্যক্রম বন্ধ রাখার নীতিও অনুসরণ করা হয় বলে জানান তারা।

দুই উদ্যোক্তার ভাষ্য, নিজেদের সময়ে যে সুযোগ-সুবিধার ঘাটতি তারা অনুভব করেছিলেন, পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের যেন সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়- এ লক্ষ্যেই ইনফিনিটির কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!