সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আরিফুল ইসলাম
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ pm
৫৭
কালীগঞ্জে নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মো আরিফুল ইসলাম,কালীগঞ্জ ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন তোতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদায় মো. রাশেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, বাবুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কৃত ছাত্র তৌফিক ইলাহী, রাফিন হাসান। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রাশেদ খান।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদ খান বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রত্যেকটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান সময়ে সমাজে মাদকের ভয়াল থাবা বিস্তার করছে। এই মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

এ সময় ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়। বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণ এবং একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের আবেদন জানানো হয়। প্রধান অতিথি বিদ্যালয়ের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে আইন ও শৃঙ্খলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি।

অন্যান্য বিশেষ অতিথিরাও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন তোতা বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত। শিক্ষার্থীদের এ অর্জনের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা রয়েছে।

তিনি বলেন, শিক্ষার মান আরও উন্নত করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। নতুন ভবন নির্মাণের পাশাপাশি একটি অডিটোরিয়াম হলে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।

তিনি কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!