বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

যমুনার তীব্র ভাঙনে ঝুঁকিতে ভূঞাপুর-তারাকান্দি সড়ক, আতঙ্কে হাজারো মানুষ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ pm
যমুনার তীব্র ভাঙনে ঝুঁকিতে ভূঞাপুর-তারাকান্দি সড়ক, আতঙ্কে হাজারো মানুষ

রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের শাখারিয়া এলাকায় যমুনা নদীর ভয়াবহ ভাঙন নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নদীর তীব্র স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ ঝুঁকির মুখে পড়েছে। এতে সড়ক যোগাযোগ, বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে শাখারিয়া স্লুইসগেট সংলগ্ন এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালুভর্তি বস্তা, গাছের গুঁড়ি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে নদীর তীর রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। পরিদর্শন শেষে তিনি ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার নির্দেশনার পর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি জিওব্যাগ ফেলা শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গাছ কেটে নদীতে ফেলে ভাঙনের গতি কমানোর চেষ্টা করছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় একই সমস্যা বারবার ফিরে আসে। তাদের মতে, এভাবে অস্থায়ী ব্যবস্থা দিয়ে দীর্ঘমেয়াদে নদীভাঙন প্রতিরোধ সম্ভব নয়।
এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, ভূঞাপুর-তারাকান্দি সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা করা না গেলে গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী ও ঘাটাইল উপজেলার কয়েকশ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে হাজার হাজার একর ফসলি জমি, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
স্থানীয়দের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও বৃহৎ পরিসরে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং জনপ্রতিনিধিদের প্রতি শাখারিয়া এলাকা ও ভূঞাপুর-তারাকান্দি সড়ক রক্ষায় স্থায়ী নদীশাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

২২/০৭/২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!