টাঙ্গাইলের ঘাটাইলে আথাইল শিমুল ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ASPL 2026 উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী মো. মাসুদ রানা, আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও গণমাধ্যম কর্মী রিমল তালুকদার, আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসেন তালুকদার সহ টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী ম্যাচে আল বিজয়ী একাদশ ও টারবো এসসি একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলাটি পরিচালনা করেন আলাল সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করলে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আথাইল শিমুলের ছাত্র ও যুব সমাজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে আল বিজয়ী একাদশ ৩-১ গোলে টারবো এসসি একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলা দেখতে মাঠে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।