বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কটিয়াদীতে ৬০ বছরেও সংস্কার হয়নি কুড়িখাঁই নদীর সেতু: কটিয়াদীতে জীবনের ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ pm
কটিয়াদীতে ৬০ বছরেও সংস্কার হয়নি কুড়িখাঁই নদীর সেতু: কটিয়াদীতে জীবনের ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ

প্রতিবেদক: ওয়াহিদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহার বাজার সংলগ্ন কুড়িখাঁই নদীর ওপর নির্মিত ঐতিহাসিক সেতুটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুটির বেহাল দশার কারণে উপজেলার অন্তত ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ প্রতিদিন চরম মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।  

জরাজীর্ণ সেতু ও সাধারণ মানুষের দুর্ভোগ
 দেখা যায়, প্রায় ৬০ বছর আগে নির্মিত এই সেতুটির দুপাশের রেলিং অনেক আগেই ভেঙে গেছে। পিলারের আস্তরণ ও ইট খসে পড়ার পাশাপাশি পাটাতনের বিভিন্ন অংশও বসে গেছে। ফলে বর্তমানে সেতুটি পুরোপুরি ঝুঁকিপূর্ণ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  


এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন বোয়ালিয়া, নামা বোয়ালিয়া, তেলিচারা, কাহেতেরটেকী, ভাংনাদী, চারিয়া, দড়িচারিয়া, মাগুরা, কুড়িখাই, চাতল, মুমুরদিয়া, জোয়ারিয়া ও পিপুলিয়া গ্রামসহ প্রায় কুড়িটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন চরম আতঙ্ক নিয়ে এই পারাপার হয়। এছাড়া এলাকার ব্যবসায়ীরা সময়মতো উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন করতে না পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বলে  জানান এলাকাবাসী 

ঐতিহাসিক গুরুত্ব ও স্থানীয় ক্ষোভ
স্থানীয় প্রবীণরা জানান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী স্থানীয় বেশ কিছু নিরীহ মানুষকে ধরে এনে এই সেতুর ওপর দাঁড় করিয়ে গুলি করে নদীতে ফেলে হত্যা করেছিল। মুক্তিযুদ্ধের এমন একটি রক্তাক্ত ইতিহাস বিজড়িত এই সেতুটির স্মৃতি রক্ষার্থে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপরন্তু, দীর্ঘ ছয় দশকেও সেতুটির কোনো ধরনের সংস্কার বা পুনঃনির্মাণ কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।  

শিবনাথ সাহার বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রতিবার নির্বাচনের আগে বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রার্থীরা ব্রিজটি দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হওয়ার পর আর কারও খোঁজ থাকে না। সেতুটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় সুনির্দিষ্টভাবে কেউ এর দায় নিতে চায় না। সামনে কুড়িখাইয়ে হযরত শাহ শামছুদ্দিন বুখারী (র.) এর ঐতিহ্যময় ওরস ও বিশাল মেলা অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এই ভাঙা সেতু দিয়ে এত মানুষের যাতায়াত বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। 

দ্রুত এই জরাজীর্ণ সেতুটির স্থলে একটি নতুন টেকসই সেতু নির্মাণ করে হাজার হাজার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী এলাকাবাসী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!