শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল মাহীদ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ pm
৯২
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ কালনা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলতা বেগম ওই গ্রামের মৃত সবিজের মেয়ে। তিনি খাজুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতা বেগম ২০১১ সালের ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে পরাজিত হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরবর্তীতে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। এরপর কিছুদিন পর থেকে তার মধ্যে আবারও মানসিক অস্থিরতা দেখা দেয়।

বৃহস্পতিবার রাতে আলতা বেগম তার শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। শুক্রবার সকালে শাশুড়ি তাকে ডাকলে তিনি শরীর খারাপ লাগছে বলে জানান এবং আবার শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জারভ্যানে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন বলেন, মানসিক সমস্যার কারণে আলতা বেগম অধিকাংশ সময় বিষণ্ন থাকতেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!