শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাত-ভোরে ডিবির দুই অভিযান, আশুলিয়া-সাভারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ pm
১৫৩
রাত-ভোরে ডিবির দুই অভিযান, আশুলিয়া-সাভারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার ইউনিক এলাকায় এবং শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে সাভার মডেল থানাধীন আমিনবাজারের বড়দেশী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন ইউনিক এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল-আমিন মুন্সি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরার শ্রীপুর থানার রাজধরপুর এলাকার মোঃ দেলোয়ারের ছেলে। বর্তমানে আশুলিয়ার ভাদাইল এলাকায় আমির হামজার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় আল-আমিন মুন্সির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে, শুক্রবার রাত আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজারের বড়দেশী এলাকায় পৃথক অভিযান চালায় ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় মোঃ সায়েম মোল্লা (৪৮) ও তার স্ত্রী মোসাঃ শাহিনা আক্তার (৪০)কে গ্রেপ্তার করা হয়।

সায়েম মোল্লা বড়দেশী মধ্যপাড়া এলাকার রাশেদ মোল্লার ছেলে। তার স্ত্রী শাহিনা আক্তারও একই এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, অভিযানকালে তাদের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সায়েম মোল্লার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!