শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নরসিংদীতে সাংবাদিক কামাল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

আর এ লায়ন সরকার
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ pm
১২
নরসিংদীতে সাংবাদিক কামাল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন
ছবি

নরসিংদীতে সাংবাদিক কামাল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি:

ধর্ষণের প্রতিবাদ, মাদকবিরোধী অবস্থান এবং বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার সাংবাদিক কামাল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ আগস্ট কামাল সরকারের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও দপ্তর সম্পাদক কামাল সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করে আসছেন। সম্প্রতি একজন মুসলিম নারীকে ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশ এবং এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করেছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তারা।

মানববন্ধন থেকে গ্রেপ্তার সাংবাদিক কামাল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মাসুদ রানা বাবুল ও কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

কামাল সরকারের ভাই হানিফ সরকার অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু ব্যক্তির অব্যাহত হুমকির কারণে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ মুছে ফেলার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সাংবাদিকদের পরিবারের সদস্যদের হত্যার ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বক্তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাদের দাবি, আদালতের গেট থেকে লিখন তালুকদারকে একটি আইনজীবীর চেম্বারে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি তদন্ত করে কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল, তা শনাক্ত করার আহ্বান জানান তারা।

এ ছাড়া মামলায় উল্লেখ করা বিকাশ নম্বরের লেনদেনের তথ্য প্রযুক্তিগতভাবে যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সংশ্লিষ্টদের শনাক্ত করতে নরসিংদীর পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিখন তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার ও প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান তারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে গ্রেপ্তার সাংবাদিক কামাল সরকারের মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!