চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩ বছর বয়সী এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদীর বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের সিয়াম আলীর ৩ বছরের শিশু সন্তান আইয়ানকে আনুমানিক বিকেল ৫টার দিকে কলমুগাড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদী সেমিয়ারা বেগম। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বস্তায় ভরে কচুরিপানার নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।
ঐ সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিলেন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত খালের দিকে এগিয়ে যান এবং ভাসমান বস্তাটি থেকে জীবিত অবস্থায় শিশু আইয়ানকে উদ্ধার করেন।
পরবর্তীতে উপস্থিত রাখালরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির পিতা সিয়াম আলীকে আটক করে থানায় নিয়ে গেছে।
ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক কী কারণে আপন দাদী এই নির্মম ঘটনা ঘটাতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।