নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান পদ্ধতি, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের করণীয় নিয়েও আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
এ সময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।