গোলাম কিবরিয়া
খুলনা
খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে খুলনা সদর থানার বাগমারা এলাকার মেইন রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাগমারা মেইন রোডের মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন আশিকুর। এ সময় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি না লাগায় তিনি অক্ষত অবস্থায় রক্ষা পান।
আশিকুর রহমান নগরীর ৮৪, শের-এ-বাংলা রোড, হাজী বাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, হামলাকারীরা কথিত ‘পলাশ গ্রুপের’ সদস্য হতে পারে। এর আগে আশিকুরের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদাও নেওয়া হয়েছিল। তবে গুলির সঙ্গে চাঁদাবাজির যোগসূত্র আছে কি না তা নিশ্চিত করেনি পুলিশ।
*খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার* বলেন, ঘটনার তদন্ত চলছে। হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।