বর্তমান সময়ে ফেসবুকের নিউজফিড খুললেই চোখে পড়ছে একটি অভিনব ট্রেন্ড ৯০-এর দশকের লুকে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি। সাদাকালো কিংবা পুরনো ফিল্মের দানাদার টেক্সচার, ভিন্টেজ পোশাক-আশাক এবং ক্যাসেট প্লেয়ার বা ল্যান্ডলাইনের পাশে পোজ দেওয়া এসব ছবি যেন এক নিম্নে সবাইকে তিন দশক পেছনে নিয়ে গেছে। কিন্তু হঠাৎ করে জন্ম নেওয়া এই নস্টালজিয়ার ঢেউয়ের সূত্রপাত হলো কীভাবে এবং এর পেছনের কারিগররাই বা কারা?
খোঁজ নিয়ে জানা যায়, টিকটক এবং ইনস্টাগ্রামের গ্লোবাল ক্রিয়েটর কমিউনিটি থেকে মূলত এই ট্রেন্ডটির সূত্রপাত ঘটে। জনপ্রিয় এআই জেনারেটর টুলস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ডিজিটাল আর্টিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের নব্বইয়ের দশকের স্কুল-কলেজ বা স্ট্রিট স্টাইলের ছবি বানিয়ে পোস্ট করতে শুরু করেন। এরপর #90sVibes এবং #AITimeTravel হ্যাশট্যাগ দিয়ে তৈরি সেসব রিলস ও ছবি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেলে তা মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশের তরুণ প্রজন্মও এই ট্রেন্ডে মজেছে, যেখানে প্রত্যেকেই নিজেদের এআই রূপান্তর ঘটিয়ে অতীতে ফিরে যাওয়ার অনুভূতি উপভোগ করছেন।
তবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে অনেকেই এই ট্রেন্ডে আনছেন ব্যতিক্রমী ছোঁয়া। সাধারণ স্টুডিও পোর্ট্রেটের বদলে এআই প্রম্পটে নানা ক্রিয়েটিভ টুইস্ট এনে ছবি তৈরি করা হচ্ছে। যেমন নব্বইয়ের দশকের ব্যাকগ্রাউন্ডে আধুনিক প্রযুক্তির কোনো উপাদান যুক্ত করা কিংবা ভিন্টেজ কোনো কাল্ট থিম ফুটিয়ে তোলা। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির এই যুগে নস্টালজিয়াকে ডিজিটাল রূপ দেওয়ার এই প্রবণতা সামাজিক মাধ্যমে যোগাযোগের এক নতুন মাত্রা যোগ করেছে, যা খুব দ্রুত তরুণদের মাঝে জনপ্রিয়তা লাভ করছে।