ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামিম মিয়া (৩২) এবং একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।
পুলিশের ভাষ্য, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন ব্যক্তি ও মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় শামিম মিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করেন বলে পুলিশ জানায়। পালানোর সময় স্থানীয় এক ব্যক্তিকে কামড়ে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, পালানোর সময় শামিম মিয়া পায়ে আঘাত পান। পরে পরিচয় গোপন করে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেয় পুলিশ। একপর্যায়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার দুজন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা পরিবহন শ্রমিকের পরিচয় ব্যবহার করে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকতে পারেন। সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক মাদক কেনাবেচা ও সেবনের বিষয়েও পুলিশের নজরদারি রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।