২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া চন্দন গণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল আলম, আদিবাসী নেতা স্বপন কুমার কোচ এবং মহানন্দ চন্দ্র বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণের ফলে বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।
এ ছাড়া সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উপকারভোগী শিক্ষার্থী ও নারীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম।