নওগাঁর রাণীনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজল (২৫) নামে এক যুবককে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাণীনগর-আত্রাই মহাসড়কের খট্টেশ্বর-ঝালঘড়িয়া মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত সজল আকনা-বাঁশবাড়িয়া গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে নিজের অটোরিকশা (টমটম) দাঁড় করিয়ে শরীরে অ্যাম্পল পুশ করে নেশাগ্রস্ত অবস্থায় থাকা সজলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সজলকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।