মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শাজাহানপুরে পাঁচ শতাধিক নারীর অংশগ্রহণে নারী সমাবেশ

মাল্টিমিডিয়া রিপোর্টার
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ pm
শাজাহানপুরে পাঁচ শতাধিক নারীর অংশগ্রহণে নারী সমাবেশ

মাল্টিমিডিয়া রিপোর্টার :

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে পাঁচ শতাধিক নারীর অংশগ্রহণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার খরনা ইউনিয়ন পরিষদ চত্বরে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে এবং খরনা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক নারী, সুধীজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। সভাপতিত্ব করেন বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও প্রশাসক মোহা. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের জন্য ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা, বিমানবন্দরের কাজ এগিয়ে নেওয়াসহ বগুড়ায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের কাছে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে ধৈর্য ধরার পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত নারীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে উপস্থিত নারীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. অলিফা খাতুন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. কহিনুর আক্তার, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজার রহমান কাজল, সাধারণ সম্পাদক মো. আব্দুল সিদ্দিকী রনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আলী হায়দার তোতা, বগুড়া জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সোহেল মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন হয়ে যথাযথভাবে সেবা গ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানান।

নারী সমাবেশকে কেন্দ্র করে খরনা ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় নারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!