নওগাঁর রাণীনগরে স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পারইল বাজারের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানদারকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক মোজাম্মেল হক মজা পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো সোমবার সকালে সে স্কুলে যায়। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্কুল থেকে পাশে মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যায় সে।
অভিযোগ রয়েছে, এ সময় ওই শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন দোকানদার মোজাম্মেল হক মজা। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।
এদিকে, ঘটনার পর স্থানীয় পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বা সমর্থক- এমন দাবিও ওঠে।
তবে এ বিষয়ে রাণীনগর উপজেলা জামায়াতের আমির আনজিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, মোজাম্মেল হক মজা জামায়াতের কর্মী বা সমর্থক নন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে মোজাম্মেল হক মজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।