মাল্টিমিডিয়া রিপোর্টার :
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের অন্তর্গত ৫৩ বছরের ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব বগুড়ার নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরডিএর সাবেক পরিচালক লায়ন এম এ মান্নান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লিও ক্লাব অব বগুড়ার সাবেক সভাপতি লায়ন মো. রাকিবুল হাসান পলাশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কানুছগাড়ি লায়ন্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন কাজল কুমার কুন্ডু নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে রাজশাহী-বগুড়া-পাবনা জোনের কো-অর্ডিনেটর লায়ন একরামুল কবির সন্টু, লায়ন্স ক্লাব অব বগুড়ার পরিচালক লায়ন ডা. মো. ইব্রাহিম হোসেনসহ ক্লাবের অন্যান্য লায়ন্স ও লিও সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি লায়ন এম এ মান্নান ও সাধারণ সম্পাদক লায়ন মো. রাকিবুল হাসান পলাশ ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা লায়ন্স ক্লাব অব বগুড়ার দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।